লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ব্রীজের নাম ফলক মুছে ফেলে স্থানীয় যুবক মোঃ শরীফ উদ্দিন। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন লোকজন নিয়ে যুবক শরীফ ও তার পরিবারের উপর হামলা চালায়।
মঙ্গলবার (১জুলাই) ভুক্তভোগী শরীফ ও তার পরিবার গণমাধ্যমে অভিযোগ করেন।
এ ঘটনায় শরীফ, শরীফের মা বিবি জহুরা, বোন রহিমা বেগম, চাচা মোঃ কবির ও মোঃ মালেক আহত হয়। এসময় শরীপের বাড়ি ও বাড়ি সংলগ্ন দুটি দোকানও ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়।
এর আগে রোববার (২৯ জুন) বিকেলে ব্রীজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
শরীফ চর কাদিরা ইউনিয়নের রব বাজার এলাকার মোঃ রফিকের ছেলে এবং অভিযুক্ত নিজাম উদ্দিন তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, চরকাদিরায় ভুলুয়া নদীর উপর গতবছর এলজিইডি একটি ব্রীজ নির্মান করেন। ব্রীজটি রব বাজার এলাকায় হলেও নাম দেওয়া হয়েছে ইসলামগঞ্জ চরকাদিরা ব্রীজ। এই নাম নিয়ে রব বাজার এলাকার মানুষের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। এরই পেক্ষিতে মোঃ রফিকের ছেলে মোঃ শরীফ উদ্দিন ফেসবুক লাইভে এসে নামফলক মুচে ফেলেন।
এ ঘটনার জের ধরে ইসলামগঞ্জ এলাকার সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা নিজাম উদ্দিন লোকজন নিয়ে এসে শরীফের উপর অতর্কিত হামলা চালায়। এতে শরীফ, শরীফের মা বিবি জহুরা, বোন রহিমা বেগম, চাচা মোঃ কবির ও মোঃ মালেক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শরীফের মা জহুরা বেগম এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজাম মেম্বারের নেতৃত্বে এখানে হামলা হয়েছে। তারা শরীফ ও তার পরিবারের উপর হামলা করেছে এবং এখানে দোকানপাট ভাঙচুর করেছে। দোকান ভাঙচুর করায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত নিজাম উদ্দিন মুঠোফোনে বলেন, হামলার বিষয়টি আমি কিছুই জানি না। এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাচ্ছে। এর সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত। বিষয়টি উপজেলা বিএনপি দেখছেন।
এদিকে হামলার ঘটনায় পরদিন ঘটনাস্থল গিয়েছেন কমলনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন বলেন, উভয় পক্ষই আমাদের দলীয় লোক। আমরা দুই পক্ষকে নিয়ে বসে এটার সমাধান করবো। কেউ যদি বাড়াবাড়ি বা আমাদের কথা অমান্য করে তাহলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।
মু. সাইফুল ইসলাম 












